ফরিদপুরে মসজিদ-মণ্ডপ পাশাপাশি, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
এক পাশে মসজিদ, দুই পাশে পূজামণ্ডপ। মসজিদে আজানের ধ্বনি আর মণ্ডপে কাঁসর-ঘণ্টার শব্দ—দুই ধর্মের মানুষের এমন সহাবস্থানে দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হয়ে আছে ফরিদপুর শহর। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মধ্য দিয়ে এখানে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার পালন করছেন।
ফরিদপুর শহরের ভাঙা রাস্তার মোড়সংলগ্ন মডেল মসজিদকে ঘিরে গড়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতির এক ব্যতিক্রমী পরিবেশ। মসজিদের দুই পাশে রয়েছে জেলা বাস মালিক সমিতি ও জেলা মিনিবাস মালিক সমিতির দুটি দুর্গাপূজার মণ্ডপ। বছরের পর বছর ধরে পাশাপাশি এসব ধর্মীয় প্রতিষ্ঠানে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পরিচালিত হলেও এ নিয়ে কোনো বিরোধ বা সংঘাতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে চলছে নানা আয়োজন। অন্যদিকে মসজিদে নিয়মিত নামাজ আদায় করছেন মুসল্লিরা। দুই সম্প্রদায়ের মানুষই নিজ নিজ ধর্মীয় আচার পালন করছেন স্বাভাবিক পরিবেশে। নামাজের সময় মণ্ডপে বাদ্যযন্ত্রের শব্দ বন্ধ রাখা হয়। নামাজ শেষ হলে আবারও শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।
স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদপুর দীর্ঘদিন ধরেই অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক সম্প্রীতির শহর হিসেবে পরিচিত। মসজিদ ও মণ্ডপ পাশাপাশি অবস্থিত হলেও এ নিয়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে কখনো বিভেদ তৈরি হয়নি। একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তাঁরা বহু বছর ধরে এভাবেই সহাবস্থান করছেন। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও এই সম্প্রীতির দৃশ্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায় থেকেও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, প্রাচীনকাল থেকেই ফরিদপুরে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছেন এবং নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন। এই সম্প্রীতির পরিবেশ ধরে রাখতে রাজনৈতিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
নিরাপত্তার বিষয়ে ঢাকা রেঞ্জের আনসার ব্যাটালিয়নের উপপরিচালকের পক্ষে মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক তানজিনা জানান, ফরিদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। একই স্থানে মসজিদ ও পূজামণ্ডপের এমন সহাবস্থান সারা দেশের জন্য একটি অনন্য দৃষ্টান্ত। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে।
ধর্মীয় পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে ফরিদপুরের এই সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
১৫৬ বার পড়া হয়েছে