শিবগঞ্জে ভগ্নিপতির প্রাণনাশের হুমকি, দুই সহোদরের থানায় জিডি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভগ্নিপতির প্রাণনাশের হুমকি ও সামাজিক মাধ্যমে নানামুখী অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুই সহোদর। ছোট বোনের বিয়েকে কেন্দ্র করে গড়ে ওঠা বিরোধের জেরে এ পারিবারিক অশান্তি ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।
শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লায় এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস পূর্বে পৌর এলাকার কারবালা মোড়ের মোস্তফার ছেলে শাহাদাত হোসেনের সঙ্গে রাফসান রহমানের ছোট বোন আতিয়া রহমানের বিয়ে হয়। পরিবার এই বিয়ে মেনে না নেওয়ায় রাফসান রহমান ও তার ভাই রাফাত রহমানকে লক্ষ্য করে বিভিন্ন সময় হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাহাদাতের বিরুদ্ধে।
ভুক্তভোগী রাফসান রহমানের দাবি, গত ১৫ অক্টোবর গভীর রাতে শাহাদাত হোসেন তাদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। এর কয়েক দিন পর রাফসানের স্ত্রীকেও মুঠোফোনে হুমকি দেওয়া হয়। এমনকি ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ ছবি পোস্ট করে বিভ্রান্তিকর মন্তব্য করা হয় এবং আরেকটি পোস্টে পরোক্ষ প্রাণনাশের ইঙ্গিত দেওয়া হয় বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।
তবে সব অভিযোগ অস্বীকার করে শাহাদাত হোসেন জানিয়েছেন, ফেসবুকে ছবিটিতে প্রদর্শিত অস্ত্র সদৃশ বস্তুটি মূলত একটি খেলনা পিস্তল। তার উল্টো দাবি, গত ১৪ অক্টোবর রাতে তিনি অসুস্থ স্ত্রীকে ওষুধ দিতে গেলে রাফসান ও তার অনুসারীরা তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি জমা দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬৬ বার পড়া হয়েছে