কারাগারে কেমন আছেন ইমরান খান? শঙ্কিত ছেলেদের আকুল আকুতি
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দুই ছেলে সুলাইমান ও কাসিম খান। দীর্ঘদিন বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে এবং তাঁর স্বাস্থ্যের অবনতির খবরে বিশ্ববাসীর কাছে মানবিকতার প্রশ্ন তুলেছেন তাঁরা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও এখন ইমরান খানের মুক্তির দাবি জোরালো হচ্ছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রায় ছয় মাস ধরে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। এই দীর্ঘ সময়ে তাঁর দুই ছেলে সুলাইমান ও কাসিম খান বাবার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগের সুযোগ পাননি। সর্বশেষ গত মার্চে ঈদুল ফিতরের সময় মাত্র ২০ মিনিটের একটি ফোনালাপ হয়েছিল তাঁদের মধ্যে।
লন্ডনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী কাসিম খান জানান, বাবার সঙ্গে কথা বলার সময় তিনি শুধু পরিবারের খোঁজখবর নেন। নিজের শারীরিক অবস্থা জানতে চাইলে কৌশলে বিষয়টি এড়িয়ে যান। তবে সম্প্রতি ইমরান খানের দুই বোন উজমা ও নওরিন কারাগারে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
ইমরান খানের বোনদের বরাতে সুলাইমান জানান, দীর্ঘ নির্জন কারাবাসের কারণে সাবেক এই বিশ্বখ্যাত ক্রিকেটারের চোখে এখন পট্টি দেখা যাচ্ছে এবং তাঁর ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। এছাড়াও উদ্বেগের কারণে তাঁর বুক ধড়ফড় করছে, যা তাঁর পরিবারের জন্য অত্যন্ত ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে।
যদিও পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই অভিযোগগুলো অস্বীকার করে জানিয়েছে যে, কারাগারে ইমরান খানের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে তাঁকে বেসরকারি হাসপাতালের পরিবর্তে সরকারি হাসপাতালে নেওয়া এবং দ্রুত পুনরায় কারাগারে ফেরত পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছে তাঁর দল পিটিআই।
এদিকে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তাঁর সন্তানদের ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও পাকিস্তানের ভিসা না পাওয়ার অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বিশ্বজুড়ে ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের মুক্তির দাবিতে আন্তর্জাতিক চাপ তৈরি করছেন।
১২৯ বার পড়া হয়েছে