সর্বশেষ

অর্থনীতি

নতুন পে-স্কেলে বেতন রোববার, বর্ধিত অর্থ পাচ্ছেন না অনেকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নতুন বেতনকাঠামো অনুযায়ী আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। তিন মাসের বকেয়াসহ নতুন স্কেলে বেতন পাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা পাচ্ছেন না অনেক কর্মকর্তা-কর্মচারী। বেতন নির্ধারণের প্রক্রিয়া শেষ না হওয়ায় আপাতত তাঁদের আগের কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। পরে নতুন স্কেলের বর্ধিত অর্থ ও বকেয়া সমন্বয় করে পরিশোধ করা হবে।

নতুন বেতনকাঠামো বাস্তবায়নে প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশের বর্ধিত বেতন পেতে বিলম্ব হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও সবার বেতন নির্ধারণের কাজ শেষ করা সম্ভব হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সূত্র জানায়, দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ এখনো অসম্পূর্ণ। ফলে নির্ধারিত সময়ে সবার বর্ধিত বেতন দেওয়া যাচ্ছে না।

এ পরিস্থিতিতে যাঁদের বেতন নির্ধারণের প্রক্রিয়া শেষ হয়নি, তাঁদের আপাতত আগের বেতনকাঠামো অনুযায়ী অর্থ দেওয়া হবে। পরবর্তী সময়ে নতুন পে-স্কেল অনুসারে বেতন পুনর্নির্ধারণ করে বর্ধিত অর্থ এবং তিন মাসের বকেয়া সমন্বয় করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন নির্ধারণ করতে গিয়ে বিভিন্ন গ্রেডের ধাপ, উচ্চতর গ্রেড পাওয়ার নিয়ম, বাড়িভাড়া ভাতা এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা হিসাব করার ক্ষেত্রে বেশ কিছু অসংগতি দেখা দিয়েছে। এসব জটিলতার কারণে কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত বেতন কত হবে, তা চূড়ান্ত করতে সময় লাগছে।

এর পাশাপাশি সরকারি আর্থিক ব্যবস্থাপনার সমন্বিত পদ্ধতি আইবাস++-এর কারিগরি সমস্যাও বেতন নির্ধারণ ও পরিশোধের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। ফলে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের কাজ আরও পিছিয়ে পড়ছে।

এদিকে নতুন পে-স্কেল কার্যকর করতে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দেখা দেওয়া সমস্যাগুলো সমাধানের জন্য অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। একাধিক মন্ত্রণালয় ও বিভাগের সমস্যা ১ নভেম্বরের আগে সমাধান করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন প্রস্তুত ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যাপ্ত অভিজ্ঞতা ও জানাশোনার ঘাটতির কারণে এসব জটিলতা তৈরি হয়েছে। নতুন কাঠামো কার্যকর করতে গিয়ে যেসব অসংগতি সামনে এসেছে, সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শও নেওয়া হচ্ছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০