কুয়াকাটায় ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক শ্রম পরিদর্শক
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের লাইসেন্স নবায়ন ও প্রদানের নামে ঘুষ নেওয়ার অভিযোগে শ্রম পরিদর্শক মো. শাহাব উদ্দিনকে হাতেনাতে আটক করেছে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী হোটেল কর্তৃপক্ষকে ফেরত দেন।
পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলগুলোর লাইসেন্স প্রদান ও নবায়নের ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে শ্রম পরিদর্শক মো. শাহাব উদ্দিনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে কুয়াকাটার হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে হাতেনাতে ধরে ফেলে।
অভিযুক্ত শাহাব উদ্দিন ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা এবং বর্তমানে বরিশালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে কর্মরত। অভিযোগ রয়েছে, গত দুই বছর ধরে তিনি সরকারি নিয়ম ভেঙে গোপনে হোটেলের তথ্য সংগ্রহ করে নোটিশ পাঠাতেন এবং ৩০ থেকে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করতেন। টাকা না দিলে ভুয়া মামলার ভয় দেখানো হতো।
ঘটনার দিন ছুটির দিন হওয়া সত্ত্বেও তিনি বিভিন্ন হোটেলে গিয়ে লাইসেন্স দেওয়ার কথা বলে টাকা আদায় শুরু করেন। একপর্যায়ে সাউথ স্টার ও সি-লেভেলসহ একাধিক হোটেল থেকে আদায় করা ৩৭ হাজার টাকা উদ্ধার করে সমিতির সদস্যরা তাকে আটক করেন।
পরবর্তীতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার হওয়া অর্থ সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে ফেরত দেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, লাইসেন্স নবায়নের সরকারি ফি সর্বোচ্চ ১,৫০০ টাকা এবং ক্যাশ টাকা গ্রহণের কোনো সুযোগ নেই। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে