জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বরেন্দ্র অঞ্চলের খরা ও পানির সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রথমবারের মতো বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্র এলাকার পানির সংকট ও তীব্র খরার চিত্র তুলে ধরতে যাচ্ছেন তরুণ জলবায়ু কর্মী মো. মামুনুর রেজা। আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তিনি স্থানীয় জনগোষ্ঠীর জীবনসংগ্রাম ও অভিযোজনের দাবি বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মামুনুর রেজা দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলন ও সামাজিক কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি নওগাঁভিত্তিক যুব সংগঠন ‘ভয়েস’-এর প্রতিষ্ঠাতা এবং জাতীয় সংগঠন ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর প্রচার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে বেড়ে ওঠার কারণে তীব্র অনাবৃষ্টি, প্রখর তাপপ্রবাহ এবং কৃষিখাতে এর ক্ষতিকর প্রভাব তিনি অত্যন্ত কাছে থেকে প্রত্যক্ষ করেছেন।
আন্তর্জাতিক এই শীর্ষ সম্মেলনে বিশ্বনেতা, নীতিনির্ধারক ও পরিবেশবিদদের উপস্থিতিতে জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি ও প্রাকৃতিক সমাধানের গুরুত্ব তুলে ধরবেন মামুনুর। মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পার্শ্ববৈঠকেও তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিশ্ব জলবায়ু তহবিল যাতে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষের কাছে সরাসরি পৌঁছায়, সে বিষয়েও তিনি আন্তর্জাতিক মঞ্চে সোচ্চার হবেন।
সম্মেলনে অংশগ্রহণের পূর্বে বরেন্দ্র অঞ্চলের মাঠপর্যায়ের বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত সংকলন করে তা বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তরের পরিকল্পনা নিয়েছেন এই তরুণ। সম্মেলন শেষে অর্জিত অভিজ্ঞতা ব্যবহার করে স্থানীয় তরুণদের সংগঠিত করা এবং বরেন্দ্র অঞ্চলের জলবায়ু সুরক্ষায় নতুন উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১২৮ বার পড়া হয়েছে