শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: মোংলায় নৌপরিবহনমন্ত্রী
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ, রেজিস্ট্রেশন নম্বর-১৯৫৭) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম (মনা)।
শুক্রবার বিকেলে বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মোংলা বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতারা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় প্রধান অতিথিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর বিএনপির সাবেক মেয়র মো. জুলফিকার আলী বক্তব্য দেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এরপর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, শ্রমিকেরাই অর্থনীতির মূল চালিকাশক্তি। মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক। বন্দরের সার্বিক উন্নয়ন এবং মোংলা বন্দরকে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বন্দর চেয়ারম্যান জেটি গেট এলাকায় দুটি গাছের চারা রোপণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
১০৯ বার পড়া হয়েছে