সাহসিকতা ও পেশাদারিত্বের অনন্য প্রতীক অগ্নিযোদ্ধা সফিকুল ইসলাম
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
জীবন ও সম্পদ রক্ষায় সাহসিকতা এবং পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা রাষ্ট্রপতির সম্মানজনক পুরস্কার অর্জনসহ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে নিজের দক্ষতা বাড়িয়েছেন।
ঝুঁকিপূর্ণ উদ্ধার ও সেবামূলক কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পদক অর্জন করেন মুহাম্মদ সফিকুল ইসলাম। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক উদ্ধার কৌশল আয়ত্ত করতে তিনি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইন্দোনেশিয়ায় বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও স্টাডি ট্যুরে অংশ নেন।
নদীবেষ্টিত মুন্সীগঞ্জ জেলায় নৌদুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় দ্রুত উদ্ধার তৎপরতা নিশ্চিতে তিনি কার্যকর ভূমিকা রাখছেন। তাঁর প্রচেষ্টায় মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে যুক্ত হয়েছে আধুনিক পানিবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও ডুবুরি দল। পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতেও কাজ করছেন তিনি।
পেশাগত সেবার পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে ফায়ার স্টেশনের প্রাঙ্গণে ফলজ বৃক্ষ রোপণ ও সবুজায়নের উদ্যোগ নিয়েছেন সফিকুল ইসলাম। ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধর্মপ্রাণ ও সামাজিক মূল্যবোধসম্পন্ন এই কর্মকর্তা এক কন্যা ও এক পুত্রসন্তানের জনক।
১৮০ বার পড়া হয়েছে