চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের চাঁপাই’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের চাঁপাই’। বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের কাঁঠাল বাগিচায় পোর্টালটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে নতুন অনলাইন সংবাদমাধ্যম হিসেবে যাত্রা শুরু করেছে ‘আজকের চাঁপাই’। বুধবার বিকেলে শহরের কাঁঠাল বাগিচায় পোর্টালটির কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের চাঁপাই পত্রিকার সম্পাদক ও প্রকাশক বারিউল ইসলাম।
ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহা. সোলাইমান বিশু, পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল এবং আলোকিত গৌড় অনলাইন পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন সংবাদমাধ্যমের সংখ্যা বাড়লেও ‘আজকের চাঁপাই’ নিজস্ব স্বকীয়তা ও বৈশিষ্ট্য বজায় রেখে কাজ করবে বলে তাঁরা প্রত্যাশা করেন। চাঁপাইনবাবগঞ্জের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি, গ্রামীণ অর্থনীতি এবং সমাজের অবহেলিত মানুষের নানা সমস্যা সংবাদমাধ্যমটিতে গুরুত্ব পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জেলার মানুষের কথা তুলে ধরতে পারে একটি সংবাদমাধ্যম। ‘আজকের চাঁপাই’ স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে জেলার মানুষের মুখপত্র হিসেবে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, ব্যবসায়ী শামসুল হক গানু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাবেক কাউন্সিলর মাইদুল ইসলাম, আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ ছাড়া উদ্বোধনী আয়োজনে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ‘আজকের চাঁপাই’ নিউজ পোর্টালের উদ্বোধন ঘোষণা করা হয়।
১৩০ বার পড়া হয়েছে