সর্বশেষ

জাতীয়

ঢাকায় অর্ধশতাধিক গাছ থেকে সরানো হলো এক কেজির বেশি পেরেক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর আগারগাঁও থেকে নির্বাচন অফিস পর্যন্ত সড়কের অর্ধশতাধিক গাছ থেকে এক কেজির বেশি লোহার পেরেক অপসারণ করেছেন পরিবেশবাদী সংগঠন রান ফর গ্রীন বাংলাদেশের সদস্য ও স্বেচ্ছাসেবীরা। গাছের সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সংগঠনটির নিয়মিত কর্মসূচি ‘প্রজেক্ট ট্রি কেয়ার’-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

রাজধানীতে গাছের সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন রান ফর গ্রীন বাংলাদেশ। সংগঠনটির চলমান কর্মসূচি ‘প্রজেক্ট ট্রি কেয়ার’-এর অংশ হিসেবে সড়কের পাশে থাকা বিভিন্ন গাছের গায়ে পুঁতে রাখা লোহার পেরেক অপসারণ করা হয়েছে।

আজকের কর্মসূচিতে আগারগাঁও থেকে নির্বাচন অফিস পর্যন্ত সড়কের অর্ধশতাধিক গাছ থেকে এক কেজির বেশি লোহার পেরেক সরিয়ে ফেলেন সংগঠনটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

সাধারণত ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন লাগানোর জন্য গাছের গায়ে পেরেক ঠুকে দেওয়া হয়। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘ মেয়াদে গাছের স্বাস্থ্য ও বেঁচে থাকার ঝুঁকি তৈরি হয়। গাছের প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং এ ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বাড়ানোই ‘প্রজেক্ট ট্রি কেয়ার’ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রান ফর গ্রীন বাংলাদেশের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন আবির, কার্যনির্বাহী কমিটির সদস্য কাউছার হামিমসহ সংগঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবী।

সংগঠন সূত্রে জানা গেছে, রাজধানীতে প্রতি সপ্তাহের শুক্রবার নিয়মিতভাবে ‘প্রজেক্ট ট্রি কেয়ার’ কর্মসূচি পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন এলাকার গাছ থেকে পেরেক অপসারণের পাশাপাশি পরিবেশ ও বৃক্ষ সংরক্ষণে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

রান ফর গ্রীন বাংলাদেশের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু নতুন গাছ লাগানোই যথেষ্ট নয়, বিদ্যমান গাছগুলোর সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা করেছে।

সংগঠনটির পক্ষ থেকে সবাইকে গাছের গায়ে পেরেক না ঠোকা এবং গাছের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে গাছ এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০