সর্বশেষ

জাতীয়

আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতন করেছে, কিন্তু এখনো ক্ষমা চায়নি বা অনুশোচনা প্রকাশ করেনি, তাদের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী নির্বাচন ও আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীন, দেশ এবং ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছে। আর ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর সংগ্রাম করতে হয়েছে। এ সময়ে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেক মানুষ শহীদ হয়েছেন। তাঁদের সবার নাম কিংবা কবরের ঠিকানা এখনো জানা যায়নি। অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ইসলামবিদ্বেষী সরকারের হাত থেকে মুক্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষকে শহীদ হতে হয়েছে। এর আগে গত ১৬ থেকে ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে তিনিও একজন ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় তিনি বেঁচে আছেন। এ সময়ে প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়নের শিকার হয়েছেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, দেশের মানুষ কি আবার সেই ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন চায়? তাহলে কারা আবার সেই পরিস্থিতি তৈরির ক্ষেত্র প্রস্তুত করছে, তা বিবেচনা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পোশাক কারখানায় যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে।

ধর্মভিত্তিক রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে কিছু দুষ্কৃতকারী ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে। নিজেদের ইসলামী দল হিসেবে পরিচয় দিলেও তাদের নির্বাচনী ইশতেহার ও দলীয় কার্যক্রমে ইসলামের প্রতিফলন নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, তাদের দলীয় ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা বা শরিয়াভিত্তিক আইন চালুর অঙ্গীকার নেই; বরং তারা শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে অবস্থান নিয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন। বিএনপি ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছে এবং কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এখানে সবার একটি অভিন্ন জাতীয় পরিচয় রয়েছে। ধর্মের নামে রাজনীতি করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা উচিত নয়। যারা ধর্মের নাম ব্যবহার করছে, তাদের কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুনগর মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০