এনায়েতপুরে খাজা ইউনুস আলী (রঃ)-এর ১৪১তম আবির্ভাব দিবস পালিত
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সিরাজগঞ্জের হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর ১৪১তম আবির্ভাব দিবস ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরিফে মাজার জিয়ারত, দরুদ পাঠ, জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
শুক্রবার জুমার নামাজের পর এনায়েতপুর পাক দরবার শরিফে খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর মাজার জিয়ারত করেন ভক্ত ও অনুসারীরা। এ সময় তাঁরা দরুদ পাঠ ও জিকির-আজকারে অংশ নেন।
পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে দরবার শরিফে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর দৌহিত্র মোহাম্মদ ইউসুফ ও এম এ হায়দার হোসেন অংশ নেন। মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দিবসটি উপলক্ষে শুধু সিরাজগঞ্জেই নয়, বাংলা ও আসামের বিভিন্ন দরবার শরিফেও নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহের খাজা মোহাম্মদ ছাইফুদ্দীন শম্ভুগঞ্জী পীরের দরবার, ফরিদপুরের সদরপুরের হযরত মাওলানা হাসমত উল্লাহ আটরশি পীরের দরবার, মাওলানা সুলতান আহমেদ চন্দ্রপাড়া পীরের দরবার, টাঙ্গাইলের মাওলানা মকিম উদ্দিন প্যারাডাইজপাড়া, কুমিল্লার ইসলামাবাদ ও মাতুয়াইল, জামালপুরের সাধুরপাড়া মোসলেম নগর এবং যশোরের ঘুনী দরবার শরিফ।
এ ছাড়া ভারতের আসামের গণি খলিফার দরবার শরিফসহ বাংলা ও আসামের ১ হাজার ২০০টির বেশি পীর-আউলিয়ার মাজার ও দরবার শরিফে দিবসটি তাৎপর্যের সঙ্গে পালন করা হচ্ছে।
উল্লেখ্য, খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর বাবা শাহ আব্দুল করিম (রহ.) এবং মা তাহমিনা বেগম (রহ.)। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ১৮৮৬ সালের ২১ কার্তিক, ১২৯৩ বঙ্গাব্দে সুবহে সাদিকে তাঁর জন্ম হয়। ১৯৫২ সালের ২ মার্চ, ১৩৫৮ বঙ্গাব্দের ১৮ ফাল্গুন তিনি মৃত্যুবরণ করেন।
২২৬ বার পড়া হয়েছে