সাভারে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই দফায় হামলার শিকার হয়েছেন পাঁচ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। বুধবার (৪ নভেম্বর) সকালে ও দুপুরে পৃথক ঘটনায় তাঁদের মারধর করা হয়। এ সময় ক্যামেরা ভাঙচুরের অভিযোগও উঠেছে।
ঢাকার সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। তাঁদের মধ্যে নিউজ টোয়েন্টিফোর, স্টার নিউজ ও একাত্তর টেলিভিশনের প্রতিনিধিরা রয়েছেন। হামলাকারীদের একটি দলের সদস্যদের মুখোশ পরা ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে হেমায়েতপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক নাজমুল হুদা ও ক্যামেরাপারসন ইমদাদুল হকের ওপর হামলা হয়।
নাজমুল হুদা জানান, শ্রমিক অসন্তোষের পরিস্থিতি নিয়ে তিনি সরাসরি সম্প্রচার করছিলেন। এ সময় মুখোশ পরা ১৫ থেকে ২০ জন ব্যক্তি তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা রড, এসএস পাইপ, লাঠি ও ইট দিয়ে তাঁদের মারধর করেন। এ সময় ক্যামেরাটিও ভাঙচুর করা হয়।
হামলায় নাজমুল হুদার বুক, পিঠ, হাত ও পায়ে আঘাত লাগে। তাঁর সঙ্গে থাকা ক্যামেরাপারসন ইমদাদুল হকও হামলার শিকার হন।
এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন আরও তিন গণমাধ্যমকর্মী। তাঁরা হলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি রাইয়ান বিন আমিন ও ওই টেলিভিশনের ক্যামেরাপারসন উজ্জ্বল হোসেন।
আহত সাংবাদিকেরা জানান, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে তাঁরা পদ্মার মোড়ে যান। সেখানে কয়েকজন শ্রমিকের বক্তব্য নেওয়ার পর ঘটনাস্থলের কিছুটা সামনে গিয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে মুখোশ পরা একদল ব্যক্তি তাঁদের পরিচয় জানতে পারেন। এরপর লাঠি ও ইট দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।
একপর্যায়ে আশপাশের কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। তাঁদের সহায়তায় আহত তিন গণমাধ্যমকর্মী ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন।
শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে