সর্বশেষ

জাতীয়

এখনো পলাতক ৬৯০ বন্দি, তথ্য নেই ১৬৬ জনের: কারা মহাপরিদর্শক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৬৯০ জন এখনো পলাতক রয়েছেন। এর মধ্যে নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ জন বন্দির কোনো তথ্যই খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক দেশের কারাগারগুলোর বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ২০২৪ সালে দেশের বিভিন্ন কারাগার ভেঙে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়েছিলেন। তাদের মধ্যে একটি বড় অংশকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হলেও এখনো ৬৯০ জন বন্দি আইনের আওতার বাইরে রয়েছেন।

কারা মহাপরিদর্শক আরও জানান, নরসিংদী জেলা কারাগার ভেঙে পালিয়েছিল ৮২৬ জন বন্দি। অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, পালিয়ে যাওয়া এই বন্দিদের মধ্যে ১৬৬ জনের ডাটা বা প্রয়োজনীয় তথ্য কারা কর্তৃপক্ষের কাছে নেই। এছাড়া পালিয়ে যাওয়া নয়জন জঙ্গি বন্দির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকি তিনজন এখনো পলাতক রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

কারাগারগুলোর ধারণক্ষমতা ও আবাসন সংকটের কথা উল্লেখ করে সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে। এই বিপুল সংখ্যক বন্দির কারণে আবাসন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই স্থানাভাবের কারণে বর্তমানে কারাগারে থাকা জঙ্গিদের সাধারণ বন্দিদের থেকে আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

কারা ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও স্বচ্ছতা আনার প্রচেষ্টার কথা উল্লেখ করে আইজি প্রিজন জানান, গত ২৪ জুন থেকে ময়মনসিংহ জেলা কারাগারকে পরীক্ষামূলকভাবে ‘ক্যাশলেস’ করা হয়েছে। এর মাধ্যমে বন্দিদের আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এছাড়া প্রশাসনিক গতিশীলতা বাড়াতে কারা সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ের কাঠামো পুনর্বিন্যাস করা হচ্ছে।

দীর্ঘদিনের জনবল সংকট মেটাতে এক হাজার ৮৯৯টি নতুন পদ ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে এবং আরও দেড় হাজার পদের চাহিদা পাঠানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান কারা মহাপরিদর্শক। অতিরিক্ত বন্দির চাপ কমাতে ইতিমধ্যে দুটি কেন্দ্রীয় ও আটটি জেলা কারাগার চালু করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন