বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ সংকট কাটাতে সর্বনিম্ন দুই বছর সময় প্রয়োজন। তবে দ্রুততম সময়ে পরিস্থিতির উন্নতিতে সরকার কাজ করছে।
বিদ্যুৎ ও গ্যাসের সংকটের জন্য অতীতের বিভিন্ন সমস্যা দায়ী বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ ছাড়া দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিদ্যুৎ ও গ্যাসের সংকট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা বলছেন। আমরা এক ধরনের সমস্যার মধ্যে আছি। আমাকে স্বীকার করতেই হবে, এটা অতীত থেকে পাওয়া।’
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার কোনো পূর্ণাঙ্গ সমাধান ছয় মাসের মধ্যে সম্ভব নয়। এমনকি এক বছরেও এ সংকটের সমাধান করা যাবে না। এর জন্য সর্বনিম্ন দুই বছর সময় প্রয়োজন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস ছাড়া যে অর্থনীতির কথা বলছেন, তা আসলেই সামনে এগিয়ে যেতে পারে না।’ তবে সংকট মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।
গ্যাসের সংকট মোকাবিলায় ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণের সুবিধা নিয়ে কাজ চলছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, গ্যাসের ক্ষেত্রে ভাসমান এলএনজি টার্মিনাল ও অনশোর স্টোরেজ সুবিধাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
বিদ্যুৎ খাতের সংকটের বিষয়ে আমীর খসরু বলেন, দেশে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। কিন্তু বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে, বাস্তবে বিদ্যুতের যে পরিস্থিতি রয়েছে, বিভিন্ন পরিসংখ্যানে তার চেয়ে বেশি সক্ষমতা দেখানো হচ্ছে।
এ কারণে বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স ও এনার্জি মিক্স নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে বলে জানান তিনি।
ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে দেশের কয়লা সম্পদ নিয়েও সরকার পর্যালোচনা করছে।
আমীর খসরু বলেন, জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে সরকার এগোচ্ছে। এই জ্বালানি সংমিশ্রণের কাঠামো মোটামুটিভাবে নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে বলেও জানান তিনি।
১১১ বার পড়া হয়েছে