সর্বশেষ

জাতীয়

বিদেশের যেকোনো বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের যেকোনো হাইকমিশন বা মিশনে গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে সরকার বাধ্য নয়। শেখ হাসিনাসহ পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাঁদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তাঁরা দেশে এলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে এবং কারাগারে পাঠানো হবে। তাঁদের দেশে ফিরিয়ে আনতে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে কারও সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়নি বলেও জানান তিনি।

শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ১৯৭২ সালের সংবিধানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেওয়ার বাধ্যবাধকতা সরকারের নেই। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।

বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনো একটিতে গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে। তাঁর ভাষ্য, এসব মিশন বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে শেখ হাসিনা গেলে তাঁকে গ্রেপ্তারের সক্ষমতা সরকারের রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিতভাবে জানা নেই। তিনি কোথায় যাবেন, সেটি গুরুত্বপূর্ণ নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানরত পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে বলে জানান তিনি। শামা ওবায়েদ বলেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি এবং জুলাই-আগস্টে হত্যাকাণ্ড, গুম ও সহিংসতার ঘটনায় জড়িত ও নির্দেশদাতাদের মধ্যে যারা সাজাপ্রাপ্ত হয়ে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাঁদের বন্দী প্রত্যাবর্তন চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবরকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন। তাঁর মতে, দেশে ফেরার ঘোষণা দিয়ে নেতা-কর্মীদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে।

শেখ হাসিনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, তিনি দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া আইন মন্ত্রণালয় দেখছে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে আগামী ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার খবর প্রকাশ করে। এর আগে শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স বাংলাদেশ সরকারের কাছে ই-মেইল পাঠিয়েছিল। পরে ওই ই-মেইলের জবাব চেয়ে প্রতিষ্ঠানটি আবারও যোগাযোগ করে।

মেট্রিক্সের ই-মেইলের জবাব দেওয়া হবে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ রয়েছে। বিদেশে অবস্থানরত অন্য পলাতক আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন ও সরকারের যে অবস্থান, শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে।

রয়টার্সের প্রতিবেদন নিয়ে সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কে কোথায় থেকে কী বলছেন, তা নিয়ে আলোচনা করে সরকারের বিভিন্ন পর্যায়ের সময় নষ্ট হচ্ছে। শেখ হাসিনা ও অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের সরকার আসামি হিসেবেই বিবেচনা করবে বলে আবারও স্পষ্ট করেন তিনি।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০