৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, সবচেয়ে বেশি মাদ্রাসায়
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি ২২৬টি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন। এ ছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সোমবার, ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২২৬টি। আর কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার উত্তীর্ণ হয়নি।
এ ছাড়া বিদেশে থাকা একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কোনো শিক্ষার্থী পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যার দিক থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অবস্থান সবচেয়ে বেশি। সাধারণ ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮৬টি।
১৮৫ বার পড়া হয়েছে