টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগের কার্যালয়
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ দুই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের উপজেলা কার্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ফটক উন্মুক্ত করা হয়েছে। সোমবার সকালে দলটির স্থানীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর সমাধিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে সোমবার বেলা ১১টার দিকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।
পতাকা উত্তোলনের পর নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। পরবর্তীতে তারা মিছিল সহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ চত্বরে যান এবং চত্বরের তিনটি ফটক খুলে ভেতরে প্রবেশ করে শপথ নেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই টুঙ্গিপাড়া থেকেই সারাদেশে নতুন আন্দোলনের সূচনা হবে বলে জানান আয়োজকরা।
ছাত্রলীগ নেতা শেখ ইফতি জামান পল্লব সংবাদমাধ্যমে জানান, নেতাকর্মীদের বসার সুবিধার জন্য কার্যালয় খুলে দেওয়া হয়েছে এবং বঙ্গবন্ধুর সমাধিসৌধ নির্দিষ্ট কোনো দলের সম্পদ না হওয়ায় তা সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৭ আগস্ট গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা সর্বশেষ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর পুনরায় রাজনৈতিক তৎপরতায় সরগরম হয়ে উঠেছে টুঙ্গিপাড়া।
১০৪ বার পড়া হয়েছে