সর্বশেষ

সারাদেশ

নির্যাতন-হয়রানির অভিযোগ তুলে রাজনীতি ছাড়লেন সালথা আ.লীগ সভাপতি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিন ধরে নির্যাতন, হামলা, মামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে দলীয় পদ থেকে পদত্যাগের পাশাপাশি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া। সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নির্যাতন ও হয়রানির অভিযোগও তুলেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিজের সিদ্ধান্তের কথা জানান দেলোয়ার হোসেন। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিরও সদস্য।

সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালনের বিবরণ তুলে ধরেন তিনি। দেলোয়ার হোসেন জানান, ১৯৯৭ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের মুখ্য সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ সালে জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

দেলোয়ার হোসেনের অভিযোগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বিরোধ তৈরি হয়। এর জেরে ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া বাজারে একটি জনসভায় লাবু চৌধুরীর উপস্থিতিতে তাঁর ছেলে বায়তুল ও ছোট ছেলে বাবুল চৌধুরী তাঁকে প্রকাশ্যে মারধর করেন।

একই সময় তাঁর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুটপাট করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন আরও বলেন, ওই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে একের পর এক ১৬টি মামলা করা হয়। পরে হাসপাতাল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজনৈতিক হয়রানির শিকার হয়ে এসব মামলায় তাঁকে প্রায় এক বছর কারাগারে থাকতে হয়েছে। তবে পরবর্তী সময়ে আদালত তাঁকে এসব মামলা থেকে অব্যাহতি দেন বলে জানান তিনি।

দেলোয়ার হোসেনের দাবি, লাবু চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁর পরিবারের পাশাপাশি সালথা উপজেলার আটটি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাও নির্যাতন, মামলা ও হয়রানির শিকার হন। পরিস্থিতির কারণে অনেক নেতা-কর্মীকে এলাকা ছেড়ে যেতে বাধ্য হতে হয়েছে। এসব বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে দেলোয়ার হোসেন বলেন, তিনি সব সময় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। জনকল্যাণে কাজ করার সুযোগ না থাকলে কোনো পদে থাকার অর্থ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ অবস্থায় সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে রাজনীতির সঙ্গে আর কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের কাছে অতীতের দুঃখ-কষ্টের জন্য ক্ষমা চান দেলোয়ার হোসেন। পাশাপাশি রাজনৈতিক জীবনে তাঁদের সহযোগিতা, ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০