সর্বশেষ

সারাদেশ

মোংলায় সুপেয় পানি ও শর্তহীন জলবায়ু তহবিলের দাবিতে বিশাল বিক্ষোভ

রেজা মাসুদ, মোংলা
রেজা মাসুদ, মোংলা

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
তীব্র লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন প্রান্তিক কৃষক, জেলে ও নারীরা। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার না আসায় তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনের সমালোচনা করেছেন উপকূলবাসী। ঋণ নয়, শর্তহীন অনুদান ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কয়েক শ নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধা।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ছে। একই সঙ্গে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এতে কৃষি, মৎস্যসম্পদ ও খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে কার্যকর অর্থায়নের প্রতিশ্রুতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকূলের বাসিন্দারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মোংলার দক্ষিণ কাইনমারির পশুর নদীর পাড়ে এসব দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্যসম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’ প্রতিপাদ্যে কর্মসূচির আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বিডাব্লিউজিইডি, ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)। এতে কয়েক শ নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধা অংশ নেন। তাঁদের হাতে ছিল পানিশূন্য কলস, মাছ ধরার জাল এবং বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন।

মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা কপ-৩১ সম্মেলনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তাঁরা বলেন, আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুতির কথা বলা হলেও কৃষক ও উপকূলীয় মানুষের সংকট সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে সম্মেলন থেকে উপকূলবাসীর প্রত্যাশা পূরণ হচ্ছে না।

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের প্রধান দুর্যোগ হয়ে উঠেছে তীব্র লবণাক্ততা। চারদিকে পানি থাকলেও মানুষের ব্যবহারের উপযোগী খাবার পানির অভাব রয়েছে। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম নিঃসরণ করে। অথচ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের শিকার হচ্ছেন দেশের কৃষক, জেলে ও উপকূলীয় নারীরা।

জলবায়ু অর্থায়নে বৈষম্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিশ্বের মোট অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য হলেও অভিযোজন তহবিলের মাত্র ২০ শতাংশ পায় এ খাত। জলবায়ুসংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালে ছিল ৪৭ শতাংশ, যা ২০২৩ সালে কমে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে। পাশাপাশি অর্থায়নের একটি নির্ধারিত অংশ ক্ষুদ্র কৃষকদের কাছে অনুদান হিসেবে পৌঁছাতে হবে। কোনোভাবেই তাঁদের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না।

উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও কৃষিতে জ্বালানিনির্ভরতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশের ক্ষতির পরিমাণ ছিল ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা, যা আগের ছয় বছরের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

তিনি আরও বলেন, দেশের কৃষি এখন আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরশীল। প্রায় ১ লাখ ৫১ হাজার অগভীর নলকূপ ডিজেলে চলে। এ ছাড়া বছরে অন্তত ১৬ লাখ টন ইউরিয়া সার আমদানি করতে হয়। উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়নের ৬৫ শতাংশই ঋণ হিসেবে আসছে বলে উল্লেখ করেন তিনি।

এস এম জানে আলম বাবু বলেন, কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দিতে হবে। এ প্রক্রিয়ায় উপকূলের নারী, জেলে, কৃষক ও কৃষিশ্রমিকদের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে। অন্যথায় উপকূলীয় মানুষের অপূরণীয় ক্ষতি হবে।

উপকূলীয় নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরে নারীনেত্রী ও জলবায়ুযোদ্ধা রত্না শেখ বলেন, লবণাক্ত পানি ব্যবহারের কারণে নারীরা প্রজনন স্বাস্থ্যসহ বিভিন্ন জটিল সমস্যার মুখোমুখি হচ্ছেন। সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা চর্মরোগ, টাইফয়েডসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

তিনি জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে উপকূলের প্রান্তিক নারী, জেলে ও কৃষকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের আবু হাসান, নারীনেত্রী তন্বী মন্ডল, ইয়ুথ লিডার মেহেদী হাসান, প্রদীপ সরকার, নুপুর সরকার, জেলে সমিতির অসীম মাঝি, পৌল ইজারাদার ও জরিনা বেগম।

সমাবেশ শেষে বক্তারা বলেন, কৃষকের উৎপাদন খরচ কমানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রেখেই ন্যায্য রূপান্তর বাস্তবায়ন করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলায় ঋণের পরিবর্তে শর্তহীন অনুদান, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারী, জেলে, আদিবাসী ও কৃষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০