রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকার পর তফসিল : ইসি সচিব
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা তফসিল এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এখনো কোনো তারিখ বা তফসিল চূড়ান্ত হয়নি। ভোটার তালিকা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে।
নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে ইসি সচিব বলেন, সাধারণত তফসিল ঘোষণার পর নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৪৫ দিনের সময় রাখা হয়। ভোটার তালিকা হালনাগাদ, প্রশাসনিক প্রস্তুতি ও অন্যান্য কার্যক্রম বিবেচনা করে ‘ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন’ পদ্ধতিতে নির্বাচনের সময় নির্ধারণ করা হয়।
তিনি জানান, নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম ও ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে। ভোটার তালিকা হালনাগাদের কাট-অফ পয়েন্ট প্রয়োজন হলে বাড়ানো হতে পারে। নির্বাচন কমিশন এমনভাবে প্রস্তুতি নিচ্ছে, যাতে ঘোষণা পাওয়ার পর দ্রুত কার্যক্রম শুরু করা যায়।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রস্তুতির কথা জানান আখতার আহমেদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন সংশোধনের কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে। এসব প্রস্তাবে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি–সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়াটি আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
এনআইডি সংশোধন প্রসঙ্গে তিনি জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য এখনো কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্ত হয়নি।
রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ জুলাই। ছুটির কারণে ২ আগস্ট পর্যন্ত রিপোর্ট গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং ৮টি দল কোনো সাড়া দেয়নি। যেসব দল রিপোর্ট জমা দেয়নি, তাদের আইন অনুযায়ী নোটিশ দেওয়া হবে।
১১৯ বার পড়া হয়েছে