সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর গ্রাহকদের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী সদস্যরা নিজেদের জমাকৃত অর্থ ফেরত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

অভিযুক্ত আলম হোসেন উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর মালিক। সোমবার দুপুরে কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারে অবস্থিত সমিতির কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকেরা অভিযোগ করেন, অধিক মুনাফার লোভ দেখিয়ে আলম হোসেন এলাকার সাধারণ মানুষকে তার সমিতিতে সঞ্চয় করতে উৎসাহিত করেন। বর্তমানে প্রায় ৩০০ জন সাধারণ গ্রাহকের সঞ্চিত প্রায় ৫ কোটি টাকা এই সমিতিতে আটকে রয়েছে। গত তিন বছর ধরে লভ্যাংশ দেওয়া তো দূরের কথা, মূল টাকা ফেরত চাইলে উল্টো গ্রাহকদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীরা আরও জানান, জীবনভর কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে অনেকে এখন চরম আর্থিক অনটনে দিন কাটাচ্ছেন এবং অনেক পরিবারে পারিবারিক অশান্তি দেখা দিয়েছে। প্রতিবাদ করায় কয়েকজন গ্রাহককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

কর্মসূচিতে শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রোকন, মানিক মিয়া, আকাশ মিয়া, মাহমুদা বেগমসহ শতাধিক ভুক্তভোগী গ্রাহক উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিয়ানের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি পেশ করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা আলম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রিং হলেও তিনি কল রিসিভ না করায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন