কুয়াকাটায় জালনোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পর্যটন নগরী কুয়াকাটায় জালনোটের ব্যবহার ও প্রচলন প্রতিরোধে একটি বিশেষ জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বরিশালের উদ্যোগে এবং স্থানীয় ১৪টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় ব্যবসায়ী, গ্রাহক ও ব্যাংক কর্মকর্তারা অংশ নেন।
৩০ জুলাই বেলা সাড়ে ১১টায় কুয়াকাটার বাংলাদেশ পর্যটন করপোরেশনের যুব পান্থ নিবাস হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মনিরুজ্জামান মোল্লা। পটুয়াখালী অঞ্চলের ব্যাংক গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলে জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের পরিচালক মো. এমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক কুয়াকাটা শাখার ব্যবস্থাপক এ কে এম মোর্শেদ।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে আসল ও নকল নোটের মধ্যে পার্থক্য এবং সহজে আসল টাকা চেনার বিভিন্ন উপায় নিখুঁতভাবে প্রদর্শন করেন অগ্রণী ব্যাংক কুয়াকাটা শাখার ব্যবস্থাপক মো. সোহেল রানা। এ সময় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জালনোটের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. এমদাদুল হক বলেন, সচেতনতার অভাবেই আমাদের দেশে জালনোটের বিস্তার ঘটে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবাইকে আরও বেশি যত্নশীল ও সচেতন হতে হবে। পাশাপাশি, স্থানীয় কিছু ব্যাংক ছেঁড়াফাটা নোট নিতে অনীহা প্রকাশ করে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ব্যাংক কর্মকর্তাদের সতর্ক করে দেন এবং পুনরায় এমন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
এই সচেতনতামূলক কর্মশালায় সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংকসহ কুয়াকাটা, আলীপুর ও মহিপুর এলাকার মোট ১৪টি তফসিলি ব্যাংকের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
১২০ বার পড়া হয়েছে