সর্বশেষ

জাতীয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বেচ্ছায় পদত্যাগের দুই দিন পর রোববার রাজধানীর বঙ্গভবন ত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রায় তিন বছর চার মাস দায়িত্ব পালনের পর তিনি সপরিবারে গুলশানের নিজ বাসভবনে ফিরে যান। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের পর শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সাবেক রাষ্ট্রপতির বঙ্গভবন ছাড়ার সময়

রোববার বেলা আড়াইটার কিছু আগে সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তার গাড়িবহরের সঙ্গে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক গাড়ি ছিল। প্রায় তিন বছর চার মাস পর রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কের নিজ বাসভবনে ফিরে যান তিনি।

বঙ্গভবন ছাড়ার খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকেই সেখানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অবস্থান নেন। একই সঙ্গে উৎসুক মানুষও বঙ্গভবনের সামনের সড়কে জড়ো হন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যায়।

এদিকে পদত্যাগের পর থেকেই গুলশানের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যরা সকাল থেকেই সেখানে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

বঙ্গভবন ছাড়ার পর রাষ্ট্রপতির দাপ্তরিক দায়িত্ব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে পালন করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম তার তত্ত্বাবধানে পরিচালিত হবে।

গত শুক্রবার শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার হৃদ্‌যন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। পাশাপাশি তিনি অটোনোমিক নিউরোপ্যাথি নামের একটি জটিল রোগে আক্রান্ত, যার কারণে মাঝে-মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

সাবেক রাষ্ট্রপতি জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি শিগগিরই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ব্যাংককে যাবেন। তার স্ত্রীও অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তাকেও সঙ্গে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে কয়েক দিন আগেই ব্যক্তিগত মালামাল গুলশানের বাসায় সরিয়ে নেওয়া হয়েছিল। একই সঙ্গে বাসভবনের প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন করা হয়।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। নির্ধারিত পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আট মাস আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। একই বিধান অনুসারে বর্তমানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন