বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের তোলা অভিযোগে আমলে নেওয়ার মতো কোনো বিষয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাজনৈতিকভাবে অভিযোগ ও প্রতিবাদ জানানোর অধিকার সবার রয়েছে, তবে রাষ্ট্রপতির সাংবিধানিক সুরক্ষা ও দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিতে হবে।
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, অভিযোগগুলো পর্যালোচনা করে তিনি তাতে কোনো গ্রহণযোগ্য বিষয় খুঁজে পাননি।
রোববার সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা নিশ্চিত থাকা উচিত। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যরা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলছে। তারা তা করতে পারে, তবে সরকারের বিবেচনায় এগুলো আমলে নেওয়ার মতো নয়।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার কথা উল্লেখ করেন। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও বিচারের দাবি জানায়। তবে সাহাবুদ্দিন সংবিধানের ৫১ অনুচ্ছেদের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির সাংবিধানিক সুরক্ষার বিষয়টি তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে। দায়িত্ব পালনের সময় সংবিধান অনুযায়ী তিনি বিশেষ সুবিধা ও সুরক্ষা পাবেন। ফৌজদারি বিষয়ে এ সময়ে কোনো আলোচনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুবিধা পাওয়ার কথা, তা তিনি পাবেন। রাষ্ট্রপতির নিরাপত্তায় এসএসএফ, পিজিআরসহ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গত মে মাসে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে পদক দেওয়ার আগে তালিকা বাতিলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যাচাই-বাছাই করতে গিয়ে তালিকায় কিছু ত্রুটি ও অনিয়ম পাওয়া গেছে। সংশোধনের পর দ্রুত সময়ের মধ্যে পদক প্রদান করা হবে।
এলডিপি সভাপতি অলি আহমেদের ‘তিন নেতা একসঙ্গে হলে সরকার এক সপ্তাহ টিকবে না’—এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই বক্তব্যের বাস্তবতা এক সপ্তাহ পর দেখা যাবে।
১১২ বার পড়া হয়েছে