বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারত থেকে ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শুক্রবার ভোরে এই অনুপ্রবেশের চেষ্টা চালালে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়। বর্তমানে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি।
দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে এই পুশইনের ঘটনাটি ঘটে। শুক্রবার ভোর ৪টার দিকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে অনুপ্রবেশের চেষ্টা চালানো হলে স্থানীয়দের সহায়তায় ভাইগড় ক্যাম্পের বিজিবি জোয়ানরা বাধা দেয়।
ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোরে আটজন নারী এবং একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে বলপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরিস্থিতি টের পাওয়ার পরপরই বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের সাথে নিয়ে সীমান্তে অবস্থান নেন এবং অনুপ্রবেশের চেষ্টা ভন্ডুল করে দেন।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ৯ জন ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে