সাংবাদিক কেএম বাচ্চুর ওপর হামলা, যুবদলের বিরুদ্ধে অভিযোগ
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি ও স্থানীয় ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি কে এম বাচ্চুর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হোটেল সৈকতের সামনে বসে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন কে এম বাচ্চু। এ সময় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বিরোধের জেরে পৌর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মুসল্লী, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাইজিদ, যুবদল সভাপতি শহিদ সিকদারসহ কয়েকজন তার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
হামলার বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সাথে ছাত্রদলের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে, পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুক জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৬ বার পড়া হয়েছে