গণরায় বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাইয়ের ২য় বার্ষিকী উদযাপন ও গণরায় বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার বিকেলে শহর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে ছাত্রশিবিরের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তির মোড়ে গিয়ে একটি সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণরায়ের যথাযথ বাস্তবায়নের জন্য সকলের প্রতি জোরালো আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা এবং বর্তমান সভাপতি ইউসুফ আল গালিব। সমাবেশটি পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান। সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
১২৫ বার পড়া হয়েছে