শহীদ সাগরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ময়মনসিংহের প্রথম শহীদ রেদোয়ান হাসান সাগরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে।
রবিবার বিকেলে নগরীর হরিকিশোর রায় রোডে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়। এরপর নিহত কলেজছাত্র রেদোয়ান হাসান সাগরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থানীয় নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ সাগর চত্বরেই এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে দলটির জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন।
নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার আন্দোলন নস্যাৎ করতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মদদপুষ্টরা নিরীহ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। এই ঘটনার মূল নির্দেশদাতা হিসেবে তৎকালীন সংসদ সদস্য মোহিতুর রহমান শান্ত, সাবেক মেয়র ইকরামুল হক টিটু এবং ব্যবসায়ী নেতা আমিনুল হক শামীমের নাম উল্লেখ করে তাঁদের অতি দ্রুত গ্রেপ্তার করার জোর দাবি জানানো হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহাবুবুল আলমসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
১৫৬ বার পড়া হয়েছে