খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সভাপতি কাজল, সাধারণ সম্পাদক বিমল
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে আনোয়ারুল ইসলাম কাজল সভাপতি এবং বিমল সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার উৎসবমুখর পরিবেশে খুলনা প্রেসক্লাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১১টি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
খুলনা সাংবাদিক ইউনিয়নের (রেজিঃ নং-১০০৮) দ্বি-বার্ষিক নির্বাচন কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটাররা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে অনলাইন পোর্টাল ঊষার আলোর সম্পাদক বিমল সাহা ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান যথাক্রমে ৬৫ ও ৪০ ভোট পেয়ে জয়ী হন এবং দপ্তর সম্পাদক পদে মোঃ হেলাল মোল্লা ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য পদের মধ্যে রয়েছেন যুগ্ম-সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রীতা রানী দাস। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দিন বাহার এবং তুফান গাইন। ইউনিয়নের মোট ১১৮ জন ভোটারের মধ্যে ৭৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শেখ কামরুল আহসান। কমিটির সদস্য হিসেবে ছিলেন সোহেল মাহমুদ ও দেবব্রত রায়। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এবং তথ্য অধিদপ্তরের সহকারী পরিচালক রমজান হোসেন উপস্থিত ছিলেন।
১২৮ বার পড়া হয়েছে