পাবনার আতাইকুলায় বাস–অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২, আহত ৪
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার আতাইকুলা এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার আতাইকুলা থানার সরাডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার বাসিন্দা অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮) এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা বুলু খাতুন (৫৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক কিশোরীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল। পথে আতাইকুলার সরাডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ এবং অ্যাম্বুলেন্সে থাকা বুলু খাতুন নিহত হন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আরও চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠান।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
১২৭ বার পড়া হয়েছে