গোপালগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রকাশ্য মাদক সেবনের অপরাধে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডিত ব্যক্তিকে আর্থিক জরিমানাও করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ শাস্তি দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত যুবকের নাম নাজমুল হাসান (২৮)। তিনি কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রামের আবু তালেব মিয়ার ছেলে। মাদক সেবনের সময় হাতেনাতে আটকের পর তাকে এই সাজা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, বহরাবাড়ী গ্রামে গোপনে মাদক সেবন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকসেবী নাজমুলকে ছয় মাসের কারাদণ্ড এবং নগদ দুইশত টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত মেয়াদে সাজা ভোগ করতে হতে পারে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, মাদকাসক্তি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। তরুণ সমাজকে রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। অভিযান চলাকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা খোরশেদ আলমসহ স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। সাজা ঘোষণার পরপরই দণ্ডিত নাজমুলকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১১১ বার পড়া হয়েছে