দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে: এমরান সালেহ প্রিন্স
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের চলমান গণতান্ত্রিক ও উন্নয়ন অভিযাত্রাকে ব্যাহত করতে ফ্যাসিস্ট শক্তি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে সতর্ক করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাটে এক শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি স্থানীয় কৃষকদের জন্য একটি বিশেষ পাইলট প্রকল্পের ঘোষণা দেন।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যুগলী ইউনিয়নের ঘোষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স এ মন্তব্য করেন। হালুয়াঘাট উপজেলা কৃষকদলের প্রয়াত সাংগঠনিক সম্পাদক মরহুম শেখ সাদিরের স্মরণে এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যে তিনি বলেন, গণ-অভ্যুত্থান ও পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে যাত্রা শুরু হয়েছে, তা নস্যাৎ করতেই অপশক্তি নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বর্তমানে পার্শ্ববর্তী দেশে অবস্থান করে দেশের পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে তাঁর পলাতক কর্মীদের বিভিন্ন উসকানি দিচ্ছেন।
আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে এমরান সালেহ প্রিন্স বলেন, পলাতক আসামির মতো আচরণ না করে সৎ সাহস থাকলে তাঁর আজই দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া উচিত। তবে গণ-অভ্যুত্থানের হত্যাকারীদের সেই নৈতিক সাহস নেই বলেও তিনি মন্তব্য করেন।
স্থানীয় উন্নয়ন ও কৃষকদের কল্যাণে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে এই বিএনপি নেতা জানান, তারেক রহমানের নির্দেশনায় হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় প্রকৃত প্রান্তিক কৃষকদের সহযোগিতার লক্ষ্যে 'কৃষক কার্ড' প্রদান করা হবে। চলতি মাসেই এর যাচাই-বাছাই শুরু হবে এবং আগস্টে পাইলট প্রকল্পের মাধ্যমে কার্ড বিতরণ করা হবে।
অনুষ্ঠানের শুরুতে মরহুম শেখ সাদিরের অবদানের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন এমরান সালেহ প্রিন্সসহ দলের নেতৃবৃন্দ। শোকসভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১১৪ বার পড়া হয়েছে