যশোরের শার্শা সীমান্তে ৪৬ ইয়াবাসহ দুই ইউপি সদস্য আটক
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৬টি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোনসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রয়েছেন।
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় বুধবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৪৬টি ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়, যাদের মধ্যে দুইজন বর্তমান ইউপি সদস্য।
আটক ব্যক্তিরা হলেন—কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই এলাকার আব্দুস সালাম (৪৩), কাদপুর এলাকার ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) এবং একই এলাকার দেলোয়ার হোসেন (৩৬)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে চন্দনপুর কলেজ মোড় এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ইয়াবা ও মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।
১২৩ বার পড়া হয়েছে