৮০ বছর পূর্তিতে ঢামেক ক্যাম্পাস পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ এবং আলোচনা সভায় অংশ নেবেন।
ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ক্যাম্পাসে চলছে নানা প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নির্মাণাধীন দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জোবাইদা রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর এই সফরকে পুনর্মিলন ও ঐতিহ্যের উদ্যাপন হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।
শিক্ষার্থীরা জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রধানমন্ত্রীর আগমন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত করবে বলে তারা আশা করছেন।
ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা মেডিকেল কলেজের ভূমিকা উল্লেখযোগ্য। স্বাধীনতা যুদ্ধ, গণআন্দোলনসহ বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠানটির অবদান রয়েছে।
তিনি আরও বলেন, অতীতে ঢাকা মেডিকেলের অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ডিএমসিয়ানদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।
ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বলেন, প্রধানমন্ত্রীর এই সফর প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকদের অনুপ্রাণিত করবে।
ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুর রহমান নোমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন ঢাকা মেডিকেলের ঐতিহ্য ও অর্জনকে নতুনভাবে তুলে ধরবে।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়। রাজধানী ঢাকায় অবস্থিত এই সরকারি মেডিকেল কলেজে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস কোর্সের পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
১১৮ বার পড়া হয়েছে