চট্টগ্রামে পৃথক পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু, আহত এক মা
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৯:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামে টানা বৃষ্টির মধ্যে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নগরের চশমা হিলের মেয়র গলি এবং সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। একটি ঘটনায় ১০ মাস বয়সী শিশু মাটিচাপা পড়ে মারা যায়, অন্য ঘটনায় প্রাণ হারায় ১৩ বছর বয়সী এক শিশু।
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় বুধবার সকাল ৯টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার বাগানবাড়ি এলাকার ৬ নম্বর সমাজে পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম ওরফে তানভীর মাটির নিচে চাপা পড়ে মারা যায়।
নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার মঈন উদ্দিনের ছেলে। একই ঘটনায় তার মা লামিয়া আক্তারও মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। তিনি জানান, সীতাকুণ্ডে গত চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। পাহাড়ধসের আশঙ্কায় উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হয়েছে।
ইউএনও আরও বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাস না করার জন্য সতর্ক করা হলেও অনেক বাসিন্দা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। বুধবার সকালে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার ৬ নম্বর সমাজে পাহাড়ধসের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় নিহত শিশুর মায়ের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এদিকে, চট্টগ্রাম নগরের চশমা হিলের মেয়র গলি এলাকায় পৃথক আরেকটি পাহাড়ধসে সামিয়া ইসলাম (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়। পরে দুপুরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রামে কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষকে সতর্ক করা হলেও অনেকেই এখনো ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন।
১১৯ বার পড়া হয়েছে