অপরাধ করলে ছাড় পাবেন না কোনো নেতাও: হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভায় তিনি দলের নেতাকর্মীদের তারেক রহমানের মানবিক ও অনাড়ম্বর রাজনীতি অনুসরণের আহ্বান জানান এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দেন।
শুক্রবার বিকেলে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ধুরাইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালীকরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সভায় বিশদ আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনকল্যাণে তারেক রহমানের অনাড়ম্বর ও মানবিক কর্মপরিকল্পনা এক অনন্য নজির স্থাপন করেছে। তিনি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার কারিগর হিসেবে আবির্ভূত হয়েছেন। জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের ধারাবাহিকতা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি বা এর সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী যদি সমাজবিরোধী কাজে লিপ্ত হন এবং তার সত্যতা পাওয়া যায়, তবে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যত বড় নেতাই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।
হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, মিজানুর রহমান মিজান এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলুসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ব্যক্তিগত বিরোধ ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
১২৫ বার পড়া হয়েছে