তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি সন্ধান
সোমবার, ২৯ জুন, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে এক কিশোরী হাফেজিয়া মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ছাত্রীর সন্ধান না মেলায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন তার অসহায় পরিবার। পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পাথরঘাটা এলাকার এক কাঠমিস্ত্রির মেয়ে আঠারখাড়ি নুরানী হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রী। গত ২২ জুন সকালে সে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হলে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখলেও অভিযুক্তরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
এই ঘটনার পর অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে উত্ত্যক্ত ও অপহরণের হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর বাবার অভিযোগ, মেয়ের খোঁজ নিতে অভিযুক্তের পরিবারের কাছে গেলে তারা বিয়ের শর্তে তাকে ফিরিয়ে দেওয়ার কথা বলেন এবং পরে হুমকি দিয়ে তাড়িয়ে দেন।
দীর্ঘ আট দিন পেরিয়ে গেলেও একমাত্র মেয়ের কোনো হদিস না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা। কান্নায় ভেঙে পড়ে প্রশাসনের কাছে মেয়েকে দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধারের আকুতি জানিয়েছেন তারা। এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা এবং সহপাঠীরাও।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
১৩০ বার পড়া হয়েছে