৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশ ১,৫২১ জনের
রবিবার, ২৮ জুন, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নবম, দশম ও দ্বাদশ গ্রেডের নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। রোববার বিকেলে প্রকাশিত ফলাফলে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, কর, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাডারে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেল ৫টার দিকে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নবম, দশম ও দ্বাদশ গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিস্তারিত ফলাফল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।
চূড়ান্ত ফলের বিশ্লেষণে দেখা যায়, প্রশাসন ক্যাডারে সর্বোচ্চ ২০০ জনকে সুপারিশ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য ক্যাডারে ১৬৩ জন, পুলিশ ক্যাডারে ১৫০ জন, কর ক্যাডারে ১০৪ জন, কৃষি ক্যাডারে ৯২ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৬২ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ২৫ জনসহ বিভিন্ন ক্যাডারে প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন।
এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র নয় দিনের মাথায় ফল প্রকাশ করে কমিশন, যা বিসিএসের ইতিহাসে দ্রুততম ফল প্রকাশের অন্যতম নজির হিসেবে বিবেচিত হয়।
পরবর্তীতে ২০২৫ সালের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন। পরে মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আজ চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।
১১৬ বার পড়া হয়েছে