দক্ষ রেফারি তৈরিতে কক্সবাজারে পাঁচ দিনব্যাপী ফুটবল রেফারিজ প্রশিক্ষণ শুরু
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারে নতুন ও দক্ষ ফুটবল রেফারি গড়ে তোলার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ফুটবল রেফারিজ প্রশিক্ষণ কোর্স-২০২৬ শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে জেলার ১০ উপজেলার ৫৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন, তাঁদের মধ্যে তিনজন নারী।
কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শনিবার সকাল ১১টায় পাঁচ দিনব্যাপী ফুটবল রেফারিজ প্রশিক্ষণ কোর্স-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কক্সবাজার রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান সুজিত কুমার ব্যানার্জি, রেফারিজ কমিটির সদস্য আব্দুল হান্নান মিরন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন।
এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আবছার উদ্দিন, সাবেক সহসভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, ক্রীড়া সংগঠক আলীরেজা তসলীম, সাধারণ পরিষদের সদস্য সুবীর বড়ুয়া ভুলু, আব্দুল মজিদ খান, সিরাজুল হক, ফরিদুল আলম, মাসুম এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাধারণ সম্পাদক আহসান সুমনসহ ক্রীড়া-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, প্রশিক্ষণ কোর্সে ফুটবল ম্যাচ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন, ব্যবহারিক দক্ষতা, শারীরিক সক্ষমতা, ফিটনেস, ফ্ল্যাগ ব্যবহারের কৌশলসহ আধুনিক রেফারিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে দক্ষ ও মানসম্মত রেফারি তৈরির লক্ষ্য নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার ১০ উপজেলার ৫৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
কক্সবাজার ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী জানান, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা সব অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ফরহাদুজ্জামান।
১২১ বার পড়া হয়েছে