রোমে বাংলাদেশি পরিবারের ৪ জনের ওপর হামলা, ৩ জনের মৃত্যু
শনিবার, ২৭ জুন, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে ইতালির পুলিশ।
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি সদস্য নিহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল হোসেন, তাঁর স্ত্রী এবং তাঁদের পাঁচ বছর বয়সী কন্যা। তাঁদের গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়।
এ ঘটনায় কামাল হোসেনের ১৮ বছর বয়সী ছেলে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে তাঁদের হত্যা করা হয়েছে।
ঘটনার পর রোম পুলিশের বিশেষ তদন্ত দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ইতালির প্রশাসন।
পুলিশ জানিয়েছে, হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
১১৩ বার পড়া হয়েছে