নেত্রকোনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টা, দুই ভাই গ্রেপ্তার
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার বারহাট্টায় মাদক ও হত্যা মামলার এক আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে।
বারহাট্টা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নিচ চিরাম গ্রাম থেকে মো. ফজল করিমের ছেলে জোবায়েল হোসেন (২২) ও তোফায়েল হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে জোবায়েল একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।
গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার পুলিশ জোবায়েলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর তল্লাশি করে চারটি ইয়াবা ট্যাবলেট এবং শূন্য দশমিক ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়েল মাদক ব্যবসার কথা স্বীকার করলেও বড় চালানের উৎস সম্পর্কে কোনো তথ্য দেননি।
পুলিশ যখন জোবায়েলকে গ্রেপ্তার করে নিয়ে আসছিল, তখন তার ভাই তোফায়েল হোসেনসহ বেশ কয়েকজন স্বজন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন। তারা জোবায়েলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান এবং পুলিশের কাজে গুরুতর বাধা সৃষ্টি করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ঘটনাস্থল থেকেই তোফায়েলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা দেওয়া এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তোফায়েলসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই ভাইকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
১৪২ বার পড়া হয়েছে