সর্বশেষ

জাতীয়

বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও গভীর করার আশা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৫:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। সরকার আশা করছে, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

চীনের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ শুক্রবার সকালে প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, চীন সফরের শেষ দিনে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

তিনি বলেন, বৈঠকের মাধ্যমে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে সরকার আশাবাদী। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে নতুন সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চীন সফর শেষে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এ সফরে তাঁর সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সফরে অংশ নিয়েছেন হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং মাহদী আমিন।

উল্লেখ্য, গত ২১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। পরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে কর্মসূচি শেষে বুধবার তিনি বেইজিংয়ে যান।

সফরের শেষ দিনে শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন