সর্বশেষ

শিক্ষা

৫৪ বছর ধরে ভুল পথে চলেছে দেশের শিক্ষাব্যবস্থা: শিক্ষামন্ত্রী

দিলীপ বর্মণ, খুলনা
দিলীপ বর্মণ, খুলনা

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে সঠিক দিকনির্দেশনা থেকে বিচ্যুত ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, গত ৫৪ বছর ধরে শিক্ষা খাত নানা সমস্যার মধ্যে পরিচালিত হয়েছে। এখন সময় এসেছে এসব সংকট কাটিয়ে একটি কার্যকর ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিনের শিক্ষক সংকট, পদোন্নতি জটিলতা এবং অকার্যকর বদলি ব্যবস্থা শিক্ষা খাতের বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসব সমস্যা সমাধান ছাড়া কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

প্রাথমিক শিক্ষার বর্তমান চিত্র তুলে ধরে তিনি জানান, দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। একটি জেলার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে ১ হাজার ১২২টি বিদ্যালয়ের মধ্যে ৫৩৩টিতে প্রধান শিক্ষক নেই। পাশাপাশি সারা দেশে প্রায় ৬০ হাজার শিক্ষকের ঘাটতি রয়েছে। দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ায় অনেক শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার সুযোগ ছাড়াই অবসরে গেছেন।

বদলি ব্যবস্থার সংস্কারের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষক বদলি কার্যক্রম উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির মাধ্যমে পরিচালিত হবে, যাতে প্রক্রিয়াটি আরও কার্যকর ও স্বচ্ছ হয়।

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা প্রসঙ্গে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, কোনোভাবেই নকলের সুযোগ দেওয়া হবে না। অতীতের মতো এবারও নকল প্রতিরোধে প্রশাসন সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আজম মু. আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মিজ হুমে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় যশোর শিক্ষা বোর্ডের অধীন সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। এ সময় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন