পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সোমবারের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। তবে কী কারণে সভা স্থগিত করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। শিগগিরই সভার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নিম্নতম মজুরি বোর্ড ও শ্রম মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়।
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।
এর আগে গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় মালিক ও শ্রমিক—উভয় পক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব জমা না দিয়ে সাত কর্মদিবস সময় চায়। পরে বোর্ড তাদের চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল।
দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।
এদিকে মজুরি বাড়ানোর দাবিতে গত দুই সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রম অসন্তোষ চলছে। শ্রমিকদের একটি অংশ কারখানায় হাজিরা দেওয়ার পর কাজ না করে বেরিয়ে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে সড়কে বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে।
এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর সরকার নতুন করে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধির দাবি মেনে আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে সম্মত হয় বোর্ড।
তবে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে সম্মতির পরও শ্রমিক অসন্তোষ পুরোপুরি বন্ধ হয়নি। এর প্রভাবে পোশাক কারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শ্রম অসন্তোষের কারণে অনেক কারখানার মালিক শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। গতকাল রোববার এ ধারায় ৬২টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে ওই দিন বন্ধ কারখানার সংখ্যা দাঁড়ায় ১১৮টিতে।
১১৮ বার পড়া হয়েছে