বঙ্গোপসাগরে ট্রলারে বজ্রপাত, ৫ জেলে দগ্ধ ও গুরুতর আহত
সোমবার, ২২ জুন, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরের রামনাবাদ মোহনায় মাছ ধরার ট্রলারে বজ্রপাতের ঘটনায় ৫ জেলে দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের পিঠ পুড়ে গেছে এবং অন্য একজনের হাত ভেঙে গেছে। রোববার বিকেলে সাগরে জাল ফেলার সময় আকস্মিক এই বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে আহত জেলেরা হলেন উপজেলার লালুয়া ইউনিয়নের মনজুপাড়া গ্রামের রেজাউল মাঝি, হাবিব, সোহেল, রাকিবুল ও ফরিদ। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে ট্রলারের মাঝি রেজাউলের পিঠের সিংহভাগ অংশ পুড়ে গেছে এবং হাবিব নামের আরেক জেলের ডান হাত ভেঙে গেছে।
আহত জেলেরা জানান, রোববার বিকেলে রামনাবাদ মোহনায় ট্রলার থামিয়ে তারা যখন সাগরে জাল ফেলছিলেন, ঠিক তখনই বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে ট্রলারে থাকা ব্যাটারিতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। এতে ট্রলারে থাকা জেলেরা অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর অন্যান্য জেলেদের সহায়তায় রাত ১০টার দিকে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১১৭ বার পড়া হয়েছে