চার বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় আবু তাহেরের মৃত্যুদণ্ড
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ঘটনায় আবু তাহের নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশও রয়েছে।
এছাড়া লাশ গুমের চেষ্টার অপরাধে আবু তাহেরকে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে লাশ গুমের উদ্দেশে একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়। ঘটনার পরদিনই পুলিশ কুষ্টিয়া শহরে তার ভাইয়ের ভাড়া বাসা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, ২৬ মে আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়। ১৬ জুন অভিযোগ গঠন, ১৭ জুন সাক্ষ্যগ্রহণ এবং ২১ জুন যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২২ জুন রায় ঘোষণা করা হয়।
মাত্র ১১৬ দিনের মধ্যে মামলার বিচার কার্যক্রম শেষ হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১২০ বার পড়া হয়েছে