মুলাদীতে স্কুল কক্ষ দখল করে শিক্ষিকার বসবাস, থানায় অভিযোগ
সোমবার, ২২ জুন, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে স্কুল কক্ষ দখল করে দীর্ঘদিন বসবাস ও স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, চরমালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক (সহকারী শিক্ষিকা) সাবিনা ইয়াসমিন দীর্ঘ প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ের একটি কক্ষ দখল করে সেখানে বসবাস করে আসছিলেন। অভিযোগে বলা হয়, কক্ষটি তিনি ব্যক্তিগত বাসার মতো ব্যবহার করতেন এবং সেখানে খাটসহ অন্যান্য আসবাবপত্র রাখেন।
এলাকার বাসিন্দা ও স্কুলের জমিদাতা পরিবারের সদস্য মমতাজ বেগম (৮২) অভিযোগ করে বলেন, একাধিকবার অনুরোধ করার পরও তিনি বিদ্যালয়ের কক্ষ ছাড়েননি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলা হলে তিনি ক্ষুব্ধ হন এবং স্থানীয়দের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বলে দাবি করেন তারা।
অভিযোগ অনুযায়ী, গত ১৭ ও ২১ মে পাঁচ দিনের ব্যবধানে মুলাদী থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যেখানে একই পরিবারের সদস্যসহ কয়েকজন স্থানীয় বাসিন্দার নাম উল্লেখ করা হয়। এতে খুনের হুমকিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, অভিযুক্ত পরিবারের সদস্যরা দাবি করেন, তাদের বিরুদ্ধে সম্পূর্ণ হয়রানিমূলকভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তারা বলেন, জীবিকা নির্বাহের স্বাভাবিক কাজে নিয়োজিত থেকেও তাদের মামলায় জড়ানো হয়েছে এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত।
স্থানীয়দের আরও অভিযোগ, অভিযোগ দায়েরের পর স্কুল কক্ষ থেকে শিক্ষিকা তার ব্যক্তিগত মালামাল সরিয়ে ফেলেন। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষিকা সাবিনা ইয়াসমিন স্কুলে জরুরি মিটিংয়ে আছেন জানিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতের নির্দেশে অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১৮ বার পড়া হয়েছে