ঈশ্বরগঞ্জে কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি বিস্তারে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
সোমবার, ২২ জুন, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্বব্যাংক, ইউএনডিপি এবং আইএফএডি-এর সহায়তায় বাস্তবায়িত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাউদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা অংশ নেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত কৃষির পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে তাদের জীবনমান উন্নয়ন এবং পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে কৃষকদের উৎসাহিত করা হয়।
১২২ বার পড়া হয়েছে