জননিরাপত্তায় ৬ জেলায় সেনা মোতায়েন, ২২ থেকে ৩০ জুন পর্যন্ত দায়িত্বে
সোমবার, ২২ জুন, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রামসহ মোট ছয়টি জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ কারণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির ঝুঁকি বিবেচনায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা জেলাগুলো হলো—ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলা।
এসব এলাকায় “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য দায়িত্ব পালন করবেন। তারা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তা নিশ্চিত এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন।
সরকার জানিয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
১২২ বার পড়া হয়েছে